ইতিহাস তৈরি করলেন নিউজিল্যান্ডের কিম কটন। এই প্রথমবার আইসিসির (বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা) দুটি পূর্ণ সদস্য তথা দুটি টেস্ট খেলিয়ে দেশের মধ্যে আন্তর্জাতিক ম্যাচে অনফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করলেন কোনও মহিলা। বুধবার ডানিডনের ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বদেশীয় ওয়েন নাইটসের সঙ্গে অনফিল্ড আম্পায়ারিং করেন ৪৮ বছরের কিম।
আইসিসির সেরা আম্পায়ারদের তালিকার প্রথম দিকেই কিম আছেন। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর হাতে আম্পায়ারিংয়ের দায়িত্ব তুলে দিয়েছে আইসিসি। ২০১৮ সাল থেকে তিনটি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ৫০ ওভারের বিশ্বকাপে আম্পায়ার থেকেছেন কিম। শুধু তাই নয়, ২০২০ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ সালের ৫০ ওভারে ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৩ সালের সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করেছেন। অর্থাৎ পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কিমের উপর ভরসা রেখেছে আইসিসি।
সার্বিকভাবে ২০১৮ সাল থেকে ৫৪ টি আন্তর্জাতিক মহিলা টি-টোয়েন্টি ম্যাচ এবং ২৪ টি আন্তর্জাতিক একদিনের ক্রিকেট ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন কিম। কোনও ম্যাচে অনফিল্ড আম্পায়ার থেকেছেন। কোনও ম্যাচে আবার তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন। তারইমধ্যে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল ২০২০ সালে। সেই বছর হ্যামিলটনে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন। তবে অনফিল্ড আম্পায়ার ছিলেন না। টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছিলেন কিম।